নতুন প্রকল্পে হানজালার প্রশিক্ষণ কেন্দ্রের দাবি অগ্রাধিকার পাবে: নুর
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩১ সময়
মাদারীপুর-১ (শিবচর) আসনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি নতুন প্রকল্প গ্রহণের সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বিষয়ে আলোচনা হয়। মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলের তরুণদের অবৈধ পথে ইউরোপ যাত্রা ঠেকাতে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক প্রচার চালানোর জন্যও সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।সংসদে হানজালা বলেন, তাঁর এলাকার অনেক তরুণ বিদেশে যেতে আগ্রহী হলেও প্রয়োজনীয় কারিগরি দক্ষতার অভাবে বিদেশে গিয়ে নানা সমস্যায় পড়ছেন। অনেকেই কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতিতে নিজ এলাকায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানান তিনি।জবাবে নুরুল হক নুর বলেন, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চল থেকে অনেক মানুষ অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। এ ধরনের যাত্রায় প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাই অবৈধ পথে বিদেশ গমন বন্ধ এবং বৈধ উপায়ে বিদেশ যাওয়ার বিষয়ে জনগণকে সচেতন করতে স্থানীয়ভাবে প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন।প্রতিমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে বর্তমানে ৫০টি প্রকল্পের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের নতুন প্রকল্প নেওয়া হলে মাদারীপুর-১ আসনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।