জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নিজের প্রশ্ন উত্থাপনের সময় উপস্থিত ছিলেন না জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম। তাঁর অনুপস্থিতি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের তাৎক্ষণিক মন্তব্যে সংসদ কক্ষে হাসির সৃষ্টি হয়।বৃহস্পতিবার অধিবেশনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপনের জন্য জিএম নজরুল ইসলামের নাম ঘোষণা করেন স্পিকার। মাইক্রোফোনে নাম ডাকার পর সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন খালি দেখতে পান তিনি।এ সময় হাস্যরসাত্মক ভঙ্গিতে স্পিকার বলেন, ‘জি এম তো নাই।’ তাঁর এ মন্তব্যে সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়।জিএম নজরুল ইসলাম অনুপস্থিত থাকায় নিয়ম অনুযায়ী তাঁর প্রশ্নটি অধিবেশনে উত্থাপন ও আলোচনা করা সম্ভব হয়নি।লিখিত প্রশ্নে জিএম নজরুল জানতে চেয়েছিলেন, দেশে বর্তমানে শ্রম আদালতের সংখ্যা কত, সেগুলো কোথায় অবস্থিত, এসব আদালতে বিচারাধীন মামলার সংখ্যা কত এবং মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত নিষ্পত্তির জন্য সরকার কী পদক্ষেপ নিয়েছে।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রস্তুত করা লিখিত জবাবে জানানো হয়, দেশে বর্তমানে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল ও ১৪টি শ্রম আদালতসহ মোট ১৫টি শ্রম আদালত কার্যকর রয়েছে। এসব আদালত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহে অবস্থিত।জবাবে আরও বলা হয়, গত ৩১ জুলাই পর্যন্ত এসব আদালতে মোট ২৯ হাজার ৯২৭টি মামলা বিচারাধীন রয়েছে।