বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সরকারি বিএল কলেজের পুকুরে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা।তিনি বলেন, মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ, গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার, কর্মসংস্থান সৃষ্টি এবং মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক পরিকল্পনার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় করা গেলে এ খাতের উৎপাদন সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।এস এম শফিকুল আলম মনা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের বেকার না রেখে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।একই সময়ে দৌলতপুর ডে-নাইট কলেজ ও হাঁস পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ খুলনা প্রাকৃতিক ও মৎস্যসম্পদে সমৃদ্ধ। তবে দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, খাল-বিল অবৈধ দখল এবং জলাশয় ভরাটের কারণে এ অঞ্চলের প্রাকৃতিক মৎস্যসম্পদ ক্ষতির মুখে পড়েছিল। বর্তমান সরকার জীববৈচিত্র্য রক্ষা ও জলাশয় উদ্ধারে পদক্ষেপ নিয়েছে বলেও তিনি দাবি করেন।এ সময় সরকারি বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।