বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, বর্তমান সরকারকে এমন কোনো পথে যাওয়া উচিত নয়, যাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যতে আরেকটি শেখ হাসিনায় পরিণত হন।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বান্দরবানের লামা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিসের বান্দরবান দক্ষিণ জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মামুনুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামাদের সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। মিথ্যা মামলা দিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। পুলিশ বাহিনীর দায়িত্ব জনগণের সেবা করা ও আইনশৃঙ্খলা রক্ষা করা হলেও বিগত সরকার দলীয় স্বার্থে পুলিশকে ব্যবহার করে ‘লীগ বাহিনী’তে পরিণত করেছিল।তিনি বলেন, ‘বর্তমান সরকারকে সতর্ক করে বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এমন কোনো পথে পা না বাড়ান, যাতে আরেকটি শেখ হাসিনা তৈরি হয়।’গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, ‘এক মা দুই সন্তান জন্ম দিলেন, এর মধ্যে একজন বৈধ হলে আরেকজন কীভাবে অবৈধ হয়?’ তিনি দাবি করেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোটে ৭০ শতাংশ ভোটে জয় পাওয়ার পরও সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করছে। তিনি দ্রুত এসব বাস্তবায়নের আহ্বান জানান।সরকারের সমালোচনা করে মামুনুল হক আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে তেল, বিদ্যুৎ ও সারের সংকট তীব্র হয়েছে। সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা সংসদে কোনো ঘাটতি নেই বলে দাবি করলেও মাঠপর্যায়ে কৃষকেরা সার পাচ্ছেন না। বিদ্যুৎ ও গ্যাসের সংকটে জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।বান্দরবান দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। জেলা সেক্রেটারি ও দলের কেন্দ্রীয় শূরা সদস্য ডা. মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।