অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চার ধরনের নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে দুদক। অনুসন্ধান কর্মকর্তা ও কমিশনের উপপরিচালক মো. জাহিদ কালাম স্বাক্ষরিত চিঠিতে চাহিদাকৃত নথিপত্র আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।দুদকের চাওয়া নথির মধ্যে রয়েছে—আসিফ মাহমুদ দায়িত্বে থাকাকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সম্পন্ন সব নিয়োগ, পদোন্নতি ও বদলি-সংক্রান্ত নথি; জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দিষ্ট স্মারকের ভিত্তিতে বদলি-সংক্রান্ত সত্যায়িত ছায়ালিপি; ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেওয়া, তা বাতিল ও পদায়ন-সংক্রান্ত নথি এবং ঢাকা, বগুড়া, বরিশাল, পাবনা, ধামরাই ও নরসিংদীতে কর্মরত নির্দিষ্ট সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের ব্যক্তিগত নথি।এদিকে অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা বা জেলা পর্যায়ের যুব উন্নয়ন কর্মকর্তাদের পদায়ন কিংবা পদোন্নতিতে মন্ত্রীর অনুমোদনের প্রয়োজন হয় না। সচিবের মাধ্যমেই এসব প্রক্রিয়া সম্পন্ন হয়।আসিফ মাহমুদের দাবি, পিএসসির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মেধাতালিকা প্রস্তুতসহ পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে আইন ও প্রশাসনিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। অভিযোগের বাস্তবতা উদ্ঘাটনে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে তিনি প্রস্তুত বলেও জানান।