কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাহরাইন। দেশটি বলেছে, এসব হামলা কুয়েতের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির গুরুতর লঙ্ঘন।বৃহস্পতিবার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের হামলা আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। একই সঙ্গে এসব হামলা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।বিবৃতিতে বলা হয়, কুয়েতের নিরাপত্তাকে নিজেদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে বাহরাইন। এ ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি ইরানকে আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট চুক্তির বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে দৃঢ় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।বাহরাইন ইরানকে আঞ্চলিক দেশ ও জনগণের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত এবং জলদস্যুতা প্রতিরোধের আহ্বানও জানানো হয়েছে।এর আগে ইরানের সামরিক বাহিনী দাবি করে, কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক স্থাপনা ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক স্থাপনা ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে যোগাযোগ ব্যবস্থা ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান।এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক সদস্যদের একটি আবাসস্থল ও রাডার ব্যবস্থায় হামলা চালানোর দাবিও করেছে ইরানের সামরিক বাহিনী।অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।