র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে বিরোধী দল। এর মধ্যেই ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার জাতীয় সংসদে বিলটি উত্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হবে। ইউনিটটির নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আইনি কাঠামো তৈরির উদ্দেশ্যেই বিলটি আনা হয়েছে।তবে বিলটি সংসদে উত্থাপনের আগেই এর বিরোধিতা করেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বিলটি উত্থাপনের অনুমতি না দিতে স্পিকারের প্রতি আহ্বান জানান।নাহিদ ইসলাম বলেন, র্যাব বিলুপ্ত করে বর্তমান জনবল দিয়েই নতুন নামে এসআরবি গঠন করা হলে তা কার্যত নতুন মোড়কে র্যাবকে ফিরিয়ে আনার শামিল হবে। তাঁর মতে, এটি র্যাবের পুনর্গঠনেরই আরেকটি রূপ।বিরোধী দলের আপত্তির মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিলটি উত্থাপন করেন।