ইয়েমেনে সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ৮১
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:১৭ সময়
ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত অন্তত ৮১ জন যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সরকারি বাহিনীর ৩৯ সদস্য এবং হুথিদের ৪২ যোদ্ধা রয়েছেন। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার দুই সামরিক কর্মকর্তা ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।লোহিত সাগর উপকূলের এক সামরিক কর্মকর্তা জানান, সংঘর্ষে সরকারি বাহিনীর ২৪ সদস্য নিহত হয়েছেন। তায়েজের অভ্যন্তরীণ এলাকায় আরও ১৫ সরকারি সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছেন আরেক সামরিক কর্মকর্তা।অন্যদিকে, হুথি নিয়ন্ত্রিত এলাকার চিকিৎসা সূত্রের দাবি, সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪২ হুথি যোদ্ধা নিহত হয়েছেন।মোখা ঘিরে লড়াই তীব্রবৃহস্পতিবার ইয়েমেনে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়। এ সময় হুথি বাহিনী লোহিত সাগরের উপকূলীয় এলাকা ও তায়েজের কাছে রকেট ও ড্রোন হামলার পাশাপাশি স্থল অভিযান চালায়।সরকারি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে হামলার মুখে থাকা গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাকে সরকারি নিয়ন্ত্রিত অন্যান্য এলাকার সঙ্গে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে হুথিরা। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি এলাকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে তারা।এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধইয়েমেনে এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। গত জুলাইয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধেও ইয়েমেন সরাসরি জড়িয়ে পড়ে।ওই সময় ২০২২ সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুথিরা আবারও সংঘাতে জড়িয়ে পড়ে।