৩১ পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার, হস্তান্তর ৪ মোটরসাইকেলখুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব, গতিশীলতা ও কার্যকারিতা বাড়াতে ৩১ পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারে ট্রাফিক বিভাগকে চারটি মোটরসাইকেল হস্তান্তর করা হয়েছে।সোমবার দুপুর ১২টায় কেএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান এসব পুরস্কার ও মোটরসাইকেল হস্তান্তর করেন।অনুষ্ঠানে পুলিশ কমিশনার দায়িত্ব পালনে ট্রাফিক সদস্যদের সতর্ক, সাহসী ও দৃঢ় থাকার আহ্বান জানান। ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের সদস্যদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।মো. সাজ্জাদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। পাশাপাশি সদস্যদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং বেসিক পুলিশিং আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।জনগণের সঙ্গে ধৈর্য, ভদ্রতা ও সৌজন্যপূর্ণ আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।অনুষ্ঠানে গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য একজন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), পাঁচজন সার্জেন্ট/টিএসআই, পাঁচজন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলসহ মোট ৩১ জনকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।পরে ট্রাফিক পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সদস্যদের ব্যবহারের জন্য চারটি মোটরসাইকেল হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক ও প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ কেএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।