ধর্মীয় প্রতিষ্ঠানে চারা রোপণ করে রাজৈরে মেয়র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৫৯ সময়
পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা হয়নি। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ শুরু হয়েছে মাদারীপুরের রাজৈরে। তবে প্রচলিত পোস্টার, ব্যানার কিংবা শোডাউনের বদলে ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা রোপণ করে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মফিজুর রহমান।সোমবার (৭ সেপ্টেম্বর) রাজৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তেতুলিয়া জামে মসজিদে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ফলজ বৃক্ষরোপণ করেন তিনি। পৌর এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি চালানোর উদ্যোগ নিয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।অ্যাডভোকেট মফিজুর রহমান বলেন, তিনি কোনো বিত্তশালী পরিবারের সন্তান নন। তাঁর বাবা কৃষক ছিলেন এবং কঠোর পরিশ্রম করে সন্তানদের বড় করেছেন। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রামের সঙ্গে তাঁর পরিচয় রয়েছে।তিনি বলেন, নির্বাচিত হলে সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চান। একই সঙ্গে রাজৈরের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানান তিনি।মফিজুর রহমান বলেন, রাজৈরের মাটিতে কোনো মাদক কারবারির ঠাঁই হবে না।প্রচলিত নির্বাচনী প্রচারণার বাইরে গিয়ে পরিবেশ রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সবুজায়নের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে কর্মসূচিটি ইতিবাচক আলোচনা তৈরি করেছে।