সংসদে আরও চার কমিটি, সভাপতির পদে নেই বিরোধী দলের কেউ
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৬ সময়
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির কোনোটির সভাপতির পদে বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে রাখা হয়নি। সোমবার সংসদে কণ্ঠভোটে কমিটিগুলো গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।গঠিত কমিটিগুলো হলো—কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন সম্পর্কিত কমিটি।সোমবার জাতীয় সংসদে প্রথম তিনটি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পিটিশন কমিটি গঠনের প্রস্তাব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত কমিটি এবং পিটিশন সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে। সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনকে।সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটিতে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সদস্য রাখা হয়েছিল। তবে সংসদে এ নিয়ে বিতর্কের পর তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়।জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। এ পর্যন্ত ৪০টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ৩১টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ৯টি বিষয়ভিত্তিক কমিটি।