ওবায়দুল করিমের বিদেশযাত্রার অনুমতি স্থগিত চেয়ে উচ্চ আদালতে যাচ্ছে দুদক
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫৯ সময়
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে তিন মাসের জন্য বিদেশ ভ্রমণের অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার ওবায়দুল করিমের আবেদনের শুনানি শেষে আদালত তাকে তিন মাসের জন্য বিদেশ ভ্রমণের অনুমতি দেন। ওই আদেশের আইনি বৈধতা চ্যালেঞ্জ এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে দ্রুত উচ্চ আদালতে রিভিশন পিটিশন দায়ের করবে দুদক।দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে কমিশনের পক্ষ থেকে দ্রুত উচ্চ আদালতে আবেদন করা হবে।ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ওবায়দুল করিমের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক।ব্যবসায়িক অঙ্গনে ওবায়দুল করিমের যাত্রা শুরু হয় ১৯৯৩ সালে নিলামে বিক্রি হওয়া কোহিনূর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কেনার মাধ্যমে। পরের বছর ১৯৯৪ সালে ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ১৯৯৬ সালে দেশের শেয়ারবাজারে বড় ধরনের বিপর্যয়ের সময় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য বড় অঙ্কের লভ্যাংশ ও বোনাস শেয়ার ঘোষণা করে। এর ফলে ওরিয়নের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।