ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ২য় চিফ অব আর্মি স্টাফ (সিএএস) কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।পুরস্কার বিতরণ শেষে উপস্থিতদের উদ্দেশে বক্তব্য দেন সেনাপ্রধান। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।টুর্নামেন্টের প্রফেশনাল বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে মোহাম্মদ সিদ্দিকুর রহমান চ্যাম্পিয়ন এবং আকবর হোসেন রানারআপ হয়েছেন। অ্যামেচার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন মো. শরিফ হোসেন।সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও মহাসচিব, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি, কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তারা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।