দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান পরিচালনা করলে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে দুদকের বর্তমান কার্যক্রমকে নিরপেক্ষ মনে করছেন না বলে মন্তব্য করেছেন তিনি।নিজের বিরুদ্ধে দুদকে করা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে আসিফ মাহমুদ বলেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানি ও মিডিয়া ট্রায়ালের জন্য দুদককে ব্যবহার করা হচ্ছে।বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে দুদকে দায়ের করা অভিযোগের ‘প্রকৃত তথ্য ও ঘটনাপ্রবাহ’ প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরে এনসিপি।আসিফ মাহমুদ বলেন, ‘দুদক যদি স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করে, তাহলে আমি সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু এখানে একটা সীমা থাকা উচিত।’ তার দাবি, যে অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়েছে, সেটিই মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিকভাবে হয়রানি করতেই অনুসন্ধানটি করা হচ্ছে বলে তিনি মনে করেন।বিএনপি সরকারের সময়ে সংঘটিত একটি ঘটনার জন্য তার বিরুদ্ধে অনুসন্ধান করা হচ্ছে বলেও অভিযোগ করেন আসিফ। তিনি বলেন, অভিযোগে যে সময়ের ঘটনা উল্লেখ করা হয়েছে, তা বিএনপি সরকার ক্ষমতায় আসার প্রায় তিন মাস পরের। অথচ এর আগেই তিনি সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন।নিজের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘আমি ১০ ডিসেম্বর ২০২৫ পদত্যাগপত্র দিয়েছি এবং ১১ ডিসেম্বর সেটি কার্যকর হয়েছে। ফলে যে সময়ের ঘটনা নিয়ে অনুসন্ধানের কথা বলা হচ্ছে, তখন আমি সরকারের দায়িত্বে ছিলাম না।’আরেকটি পদায়নে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ওই পদায়ন আদালতের রায়ের মাধ্যমে হয়েছে। ফলে সেখানে তার কোনো সম্পৃক্ততা নেই।দুদকের বর্তমান কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, জুলাইয়ের সময় দুদক সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা পরবর্তী সময়ে বাতিল করে আবার দলীয় কায়দায় দুদক গঠন করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি রাজনৈতিকভাবে পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।আসিফ মাহমুদ আরও বলেন, তার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও অনুসন্ধানের ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, সে বিষয়ে তাকে কোনো সুযোগ দেওয়া হয়নি। শুধু গণমাধ্যমে বিষয়টি প্রচারের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।দুদকের মুখপাত্র তার বিরুদ্ধে করা অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটি প্রত্যাহার ও ক্ষমা না চাওয়ায় তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন বলেও জানান আসিফ। তিনি বলেন, একজন নাগরিক হিসেবে নিজের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপই নিয়েছেন তিনি।নিজের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ ও আলোচনা প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষের পক্ষে বিভিন্ন সিদ্ধান্ত নিতে গিয়ে তাকে ক্ষমতাশালী অনেক ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হয়েছে। এর ফলে তাদের সঙ্গে ব্যক্তিগত বিরোধ তৈরি হয়েছে এবং সেই ক্ষমতার অপব্যবহার করে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতা তাহসিন রিয়াজ, ইয়াসির আরাফাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।