টেকনাফে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন কনস্টেবল আটক
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৬ সময়
কক্সবাজারের টেকনাফে ৫৪ হাজার ইয়াবা বড়িসহ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার ব্যবহৃত মোটরসাইকেলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।সোমবার দুপুরে রামু সেক্টরের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।আটক পুলিশ সদস্যের নাম মোহাম্মদ আলী ওরফে মুন্না সিকদার (২৭)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৃত নুরুল বশরের ছেলে এবং ১৬ এপিবিএনে কনস্টেবল পদে কর্মরত বলে বিজিবি জানিয়েছে।বিজিবি সূত্র জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলকে সন্দেহ হয়। পরে মোটরসাইকেলটির আরোহী মুন্না সিকদারের কথাবার্তায় সন্দেহ দেখা দিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলে ইয়াবা থাকার কথা স্বীকার করেন।পরে তার দেখানো মতে মোটরসাইকেলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৭০টি পুঁটলি থেকে ৫৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।অভিযানে তার কাছ থেকে দুটি আইফোন, নিবন্ধনবিহীন একটি পুরোনো মোটরসাইকেল এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে।বিজিবি আরও জানায়, আটক মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে টেকনাফে ১৬ এপিবিএনে দায়িত্ব পালন করে আসছিলেন।ইয়াবা ও অন্যান্য আলামতসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।