বগুড়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা পূর্ব শাখা।বুধবার সকালে শাজাহানপুর উপজেলার সাজাপুর কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার।জেলা পূর্ব শাখার সেক্রেটারি তৌফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী ডা. মাসুদা করিম, প্রচার সম্পাদক ও গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, ছাত্রশিবিরের বগুড়া মহানগর সভাপতি শফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ জীবনে জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান। তারা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়াও গুরুত্বপূর্ণ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বগুড়া জেলা পূর্ব শাখার আওতাধীন এলাকার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে।অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।