রূপসায় সাংবাদিকের ছেলেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪৬ সময়
খুলনার রূপসায় আমার দেশ পত্রিকার রূপসা উপজেলা প্রতিনিধি মো. বাবর হোসেন বাকিরের ছেলে আব্দুল্লাহ যোবায়েরকে (১৯) ডেকে নিয়ে মারধর, কুপিয়ে জখম ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শাহজালাল লস্কর (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।এ ঘটনায় যোবায়েরের বাবা রূপসা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর রাতে উপজেলার আনন্দনগর গ্রামের মৃত নুরু লস্করের ছেলে শাহজালাল লস্কর মোবাইল ফোনে যোবায়েরকে নিজের বাড়িতে ডেকে নেন। পরদিন তাকে একটি ঘরে আটকে চাপাটি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ সময় কথিত স্বীকারোক্তির একটি ভিডিও ধারণ করা হয়।পরে যোবায়েরকে মারধর ও কুপিয়ে আহত করে রাস্তার পাশে ফেলে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে এক ভ্যানচালক তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।অভিযোগে আরও বলা হয়েছে, যোবায়েরের কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ অর্থও নিয়ে নেওয়া হয়েছে। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অভিযোগকারী।রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বলেন, তিনি বর্তমানে থানার বাইরে রয়েছেন। সন্ধ্যার পর থানায় ফিরে অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।