বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাতের শুরুতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পায়।দীনেশ ত্রিবেদী বাংলাদেশ সরকারের আর্থ-সামাজিক ক্ষেত্রে নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংশ্লিষ্ট অভিন্ন স্বার্থে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।সাক্ষাতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।