দখল ও দূষণে বিপর্যস্ত বাবুরাইল খাল পুনরুদ্ধার এবং পরিত্যক্ত জলাশয়কে জনবান্ধব নগর পার্কে রূপ দেওয়ার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে নারায়ণগঞ্জের সিটি পার্ক ও বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প। ২০২৬ সালের কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস (CAA) Social Impact Award-এর রিজিওনাল বিভাগে বিজয়ী হয়েছে প্রকল্প দুটি।বুধবার (৯ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত CAA-এর সাধারণ সভায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ‘ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা পরিচালক স্থপতি ইশতিয়াক জহির তিতাস এবং প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি ইকবাল হাবিব। সিটি পার্ক ও বাবুরাইল খাল—উভয় প্রকল্পের পরামর্শক ও নকশা প্রণয়নকারী হিসেবে কাজ করেছে প্রতিষ্ঠানটি।দখল-দূষণে মৃতপ্রায় হয়েছিল বাবুরাইল খালপ্রায় তিন কিলোমিটার দীর্ঘ বাবুরাইল খাল একসময় শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে ব্যবহৃত হতো। পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচলের পাশাপাশি খালটি ছিল নগরবাসীর জীবনযাত্রা ও বিনোদনের অন্যতম অংশ। তবে দীর্ঘদিনের দখল, বর্জ্য ও দূষণে একপর্যায়ে খালটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে।পুনরুদ্ধার প্রকল্পের আওতায় খালের জলপ্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি দুই পাড়ে হাঁটার পথ, সেতু, সবুজায়ন ও বিভিন্ন জনপরিসর গড়ে তোলা হয়। স্থানীয় মানুষের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং জলভিত্তিক নগরপরিসরকে গুরুত্ব দিয়ে পরিকল্পনাটি বাস্তবায়ন করা হয়।বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়িত বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্পটি এর আগে ইউএন-হ্যাবিট্যাটের ‘এশিয়ান টাউনস্কেপ জুরি অ্যাওয়ার্ড-২০১৬’ এবং ইউএনডিপির ‘স্মার্ট সিটি ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৭’ অর্জন করে।ময়লার ভাগাড় থেকে নগর পার্কঅন্যদিকে, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় প্রায় ১৮ একর জায়গাজুড়ে গড়ে ওঠা সিটি পার্কের স্থানটি একসময় ছিল পরিত্যক্ত জলাশয় ও ময়লার ভাগাড়। তৎকালীন নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়রের উদ্যোগে জায়গাটি সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে আধুনিক নগর পার্কে রূপ দেওয়া হয়। বর্তমানে এটি নারায়ণগঞ্জ নগরবাসীর অন্যতম জনপ্রিয় বিনোদন ও অবসর কাটানোর স্থান।সিটি পার্ক ও বাবুরাইল খাল—দুটি প্রকল্পই ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ শহরে মানুষের জন্য উন্মুক্ত ও নান্দনিক গণপরিসর তৈরির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ভূমিকা রেখেছে। হাঁটাচলা, পরিবার নিয়ে সময় কাটানো ও বিনোদনের সুযোগের পাশাপাশি এসব প্রকল্প নগরবাসীর জন্য সবুজ ও নির্মল পরিবেশে স্বস্তির পরিসর তৈরি করেছে।দখল ও দূষণে ক্ষতিগ্রস্ত স্থান পুনরুদ্ধার করে তা মানুষের জন্য উন্মুক্ত ও পরিবেশবান্ধব নগরপরিসরে রূপান্তরের স্বীকৃতি হিসেবে CAA-এর এই সামাজিক প্রভাব পুরস্কারকে নারায়ণগঞ্জের নগর উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।