জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। কাউন্সিলে সংগঠনটির সভাপতি পদে আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে তাহমীদ আল মুদাসসীর চৌধুরী নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকজন কাউন্সিলর ও সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।বর্তমানে ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা আবু বাকের মজুমদার এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) আহ্বায়ক ছিলেন। অন্যদিকে তাহমীদ আল মুদাসসীর চৌধুরী ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। সংগঠনের শীর্ষ দুই পদে তারাই সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।গত ৯ সেপ্টেম্বর ছাত্রশক্তির নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু বাকের মজুমদার ও মাহফুজ খান। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তাহমীদ আল মুদাসসীর চৌধুরী, লিমন হাছান ও মাহফুজুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু তৌহিদ মো. সিয়াম, শ্যামলী সুলতানা জেদনী ও জহিরুল ইসলাম।এদিকে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পদে হাসিব আল ইসলাম ও সাকিবুল ইসলামের নাম আলোচনায় রয়েছে। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন মোহাম্মদ সাকিব ও রায়হান ফেরদৌস।কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কাউন্সিল ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে উঠবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।দিনব্যাপী কর্মসূচিছাত্রশক্তির প্রেস ও মিডিয়া সম্পাদক যাবের বিন নূর জানান, কাউন্সিলের বিভিন্ন পর্বে কাউন্সিলরদের ভোটগ্রহণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালিসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখারও প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ছাড়া এনসিপির সব সংসদ সদস্য ও শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাউন্সিলরদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই কমিটির কাউন্সিলে দুই শতাধিক ডেলিগেট ভোটের মাধ্যমে নিজ নিজ শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।দুপুরের খাবার ও নামাজের বিরতির পর বেলা ২টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় র্যালি এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।বাগছাস থেকে ছাত্রশক্তিজুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপির ছাত্র সংগঠনটি প্রথমে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নামে যাত্রা শুরু করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গঠিত সংগঠনটি প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনেও সংগঠনটির ফলাফল ভালো হয়নি।এরপর সংগঠনটিকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। আট মাসের মাথায় ২০২৫ সালের ২৩ অক্টোবর সংগঠনটির নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রশক্তি করা হয়। একই সময়ে জাহিদ আহসানকে সভাপতি করা হয়।গত ২ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে জাহিদ আহসান পদত্যাগ করেন। এরপর সংগঠনের সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।