ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পিরোজপুরের জিয়ানগরে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আওতায় শনিবার (১২ সেপ্টেম্বর) আলোচনা সভা, সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।শনিবার সকাল ১০টায় জিয়ানগর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।র্যালি শেষে জিয়ানগর উপজেলা মাঠ ও সড়কের দুই পাশে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় মাঠ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গুর অন্যতম বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউর রহমান রুবেল। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও জনসমাগমস্থল পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় প্রতি শনিবার সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।আলোচনা সভা ও র্যালিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, বিএনপি উপজেলা সভাপতি মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, ড্রেন, ফুলের টবসহ আশপাশের যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।