চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। কোনো কারণ ছাড়াই কোনো গণমাধ্যমের অ্যাক্রেডিটেশন বাতিল করা হলে তা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্য উদ্বেগজনক।জুবায়ের বলেন, অবাধ, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্রে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। কোনো সংবাদ বা প্রতিবেদনের সঙ্গে কর্তৃপক্ষের মতপার্থক্য থাকলে প্রচলিত আইন ও ন্যায়সংগত প্রক্রিয়ার মাধ্যমে তার প্রতিকার করা উচিত।তিনি আরও বলেন, প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে কোনো গণমাধ্যমের অ্যাক্রেডিটেশন বাতিল করা হলে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভীতি ও অনিশ্চয়তা তৈরি হতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয়, যাতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত বা আতঙ্কিত বোধ করেন।জামায়াতের এই নেতা বলেন, তার দল গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে। জনগণের তথ্য জানার অধিকার এবং সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান এহসানুল মাহবুব জুবায়ের।তথ্যসূত্র: গণমাধ্যমে পাঠানো জামায়াতে ইসলামীর বিবৃতি।