সরবরাহ উদ্বেগ কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৫:৪ সময়
মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কমে আসে। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে তেলের দামে।বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে।একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ১০১ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়।এর আগে বুধবারও ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দাম প্রায় ৩ ডলার করে কমেছিল। ফলে বৃহস্পতিবারের দরপতনের মধ্য দিয়ে আগের দিনের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।এখন বাজার বিশ্লেষকদের নজর মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পরিস্থিতির দিকে। বিশেষ করে সৌদি আরবের অতিরিক্ত তেল সরবরাহের উদ্যোগ বাস্তবে বিশ্ববাজারে কতটা সরবরাহ বাড়াতে পারে, সেটিই তেলের দামের পরবর্তী গতিপথে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।তথ্যসূত্র: আল জাজিরা