নতুন এসবি প্রধান কামরুল আহসান, পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:১৩ সময়
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি ও সদ্য অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসান। একই সঙ্গে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার আরও পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে এসবি প্রধান করা হয়েছে। সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।অন্যদিকে, এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে এবং ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদার প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে। সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকেও পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।মো. কামরুল আহসান এর আগে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক এবং দক্ষিণ-পূর্ব বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালে ১২তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন।