ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।আলোচনায় দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ককে টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।বৈঠকে দুই দেশের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা।এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনার কথা উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও বৈঠকে মত প্রকাশ করা হয়।