জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, ইংরেজি ‘সকাল-সন্ধ্যা দুআ’ উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১ সময়
মালয়েশিয়ায় আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামী আলোচক ও দায়ী ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। এ সময় তিনি ড. জাকির নায়েকের হাতে তাঁর লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে। তার হাতে তুলে দিচ্ছি সকাল-সন্ধ্যা দুআ বইয়ের ইংরেজি ভার্সন।’প্রকাশিত ছবিতে শায়খ আহমাদুল্লাহ ও ড. জাকির নায়েককে পাশাপাশি হাসিমুখে বসে থাকতে দেখা যায়। এ সময় শায়খ আহমাদুল্লাহর হাতে ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটির ইংরেজি সংস্করণ ছিল।শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের একজন ইসলামি আলোচক ও দায়ী হিসেবে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয়ে নিয়মিত বক্তব্য দিয়ে থাকেন। অন্যদিকে ড. জাকির নায়েক আন্তর্জাতিক পরিসরে পরিচিত ইসলামী আলোচক ও দায়ী। বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা এবং বিজ্ঞান ও ইতিহাসের বিভিন্ন উদ্ধৃতি ব্যবহারের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।বিজ্ঞানের বিভিন্ন সূত্রের আলোকে কোরআন ব্যাখ্যা করাও ড. জাকির নায়েকের আলোচনার অন্যতম পরিচিত বিষয়। বিশ্বের বিভিন্ন দেশে তাঁর অনুসারী ও ভক্ত রয়েছে।২০১৬ সালে ড. জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে এফআইআর দায়ের এবং তাঁর প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করা হয়। এরপর তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় অবস্থান নেন। ওই সময়ের পর থেকে তাঁকে ভারতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে দেশটির সরকার।তথ্যসূত্র: শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পেজ ও প্রকাশিত সংবাদ প্রতিবেদন।