নেত্রকোণায় হাওরে হাঁসের খামার দেখতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৩৯ সময়
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় হাওরে হাঁসের খামার দেখতে গিয়ে বজ্রপাতে শফিকুল মিয়া (৩০) নামে এক খামারি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল মিয়া উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের পাউকাটা হাওরে হাঁসের খামার দেখাশোনার জন্য যান শফিকুল। পরে হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহতের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে।তথ্যসূত্র: স্থানীয় সূত্র, খালিয়াজুরী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন।