বাংলা কিউআর কোডের মাধ্যমে করা পেমেন্টের অর্থ মার্চেন্টের হিসাবে তাৎক্ষণিকভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) এ নির্দেশনা কার্যকর করতে হবে।বর্তমানে বাংলা কিউআর কোডে পেমেন্ট করার পর মার্চেন্টের হিসাবে টাকা জমা হতে এক দিন সময় লাগে। নতুন নির্দেশনা কার্যকর হলে এ অপেক্ষার অবসান হবে।বৃহস্পতিবার ব্যাংক, এমএফএস ও পিএসপিগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।সার্কুলারে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজের নিচের মাঝামাঝি অংশে বাংলা কিউআর পেমেন্টের আইকন রাখতে হবে। এমনভাবে আইকনটি রাখতে হবে, যাতে ব্যবহারকারীর বুড়ো আঙুল সহজেই সেখানে পৌঁছাতে পারে।এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যানের পাশাপাশি কিউআর কোডের ছবি আপলোড করেও পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে। একই সময়ের মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীকে মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের সুবিধা দিতে হবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করা এবং মার্চেন্টদের পেমেন্ট গ্রহণে উৎসাহিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।নতুন ব্যবস্থা চালু হলে বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট গ্রহণের পর মার্চেন্টদের অর্থ জমা পাওয়ার জন্য এক দিন অপেক্ষা করতে হবে না। পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে অর্থ জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে।তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংকের সার্কুলার।