সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার শাহানগাছা এবং দুপুরে উল্লাপাড়া উপজেলার বাখুয়া ওয়াপদা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে এক ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বাখুয়া ওয়াপদা এলাকায় সিরাজগঞ্জগামী একটি ট্রাক, পাবনাগামী একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী খালিদ হাসান ঘটনাস্থলেই নিহত হন।নিহত খালিদ হাসান উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে সেটি জব্দ করে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত খালিদ হাসানের লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।অন্যদিকে, সকালে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শাহানগাছা এলাকায় তেলবাহী লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে টুটুল শেখ (৬০) নামে এক রাজমিস্ত্রি নিহত হন।পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে টুটুল শেখ রাস্তার পাশে ঘাস কাটছিলেন। এ সময় ছোনগাছা বাজারের দিক থেকে আসা একটি তেলবাহী লরির সঙ্গে দ্রুতগতির পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে টুটুল শেখকে চাপা দিয়ে রাস্তার নিচে চলে যায়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় টুটুল শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বলিদহ গ্রামের মৃত গুসবার আলীর ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় টুটুল শেখের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক পলাশ মিয়াকে আটক করা হয়েছে। তিনি মানিকগঞ্জ জেলার বাসিন্দা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তথ্যসূত্র: পুলিশ ও স্থানীয় সূত্র; হাটিকুমরুল হাইওয়ে থানা ও সিরাজগঞ্জ সদর থানা।