রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৩০, ওয়ারীতে ৮৬, মতিঝিলে ৬৫, তেজগাঁওয়ে ৭৪, মিরপুরে ১৫২, গুলশানে ৪৯, উত্তরা বিভাগে ৩৫ এবং গোয়েন্দা বিভাগে ১৯ জন রয়েছেন।অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, এক কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ১৩ দশমিক ৮ গ্রাম হেরোইন ও ২১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।এ ছাড়া একটি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া, দুটি ডিবির জ্যাকেট, একটি অটোরিকশা, তিনটি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন, দুটি গুলির খোসা, একটি ফয়েল পেপার ও নগদ ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। একই অভিযানে তিনজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।তথ্যসূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।