আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ সফল করতে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান। পরে তিনি লং মার্চ উপলক্ষে নির্ধারিত সভামঞ্চ পরিদর্শন করেন।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হাটিকুমরুল এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন রফিকুল ইসলাম খান। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং আগামী ১৯ সেপ্টেম্বরের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।পরে হাটিকুমরুলে লং মার্চের পথে আয়োজিত সভার জন্য নির্ধারিত স্থান ও মঞ্চ পরিদর্শন করেন তিনি। এ সময় কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও আয়োজন নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমির মো. রাশিদুল ইসলাম, অ্যাডভোকেট সদরুল ইসলাম এবং হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রাকিবুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।লং মার্চকে ঘিরে হাটিকুমরুল এলাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা দেখা গেছে। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকাসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।