গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, সংস্কার বাস্তবায়নে কোনো ধরনের বাধা এলে রাজপথে নামবে জনগণ।শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লং মার্চের সিরাজগঞ্জের পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রোদ-বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করছে, কোনো বাধাই জনগণকে দমিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, জনতার কাছে পৌঁছানোর লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। ট্রাকে করে রওনা দেওয়ার কারণে কিছুটা দেরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।বক্তব্যে তিনি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করেন। একই সঙ্গে অতীতে একজন ব্যক্তিকে আটক করে কারাগারে নির্যাতনের অভিযোগ তুলে তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করেন। এ বিষয়ে ওই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার কথাও জানান তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের শীর্ষ নেতারা যে সংস্কারের কথা বলছেন, তা বাস্তবায়ন করতে হবে। তাঁর ভাষায়, ‘বাংলাদেশের মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের বাস্তবায়ন ছাড়া দ্বিতীয় কোনো পথ আমরা রাখব না।’তিনি বলেন, সরকার সংস্কার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। গুম, জবাবদিহির অভাব এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।তিনি আরও বলেন, ‘সংস্কার বাস্তবায়নে কেউ বাধা দিলে আমরা আল্লাহর নাম নিয়ে মাঠে নামব।’ এ সময় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ দিকে তিনি সরকার ও বিএনপির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে স্লোগান দেন।