কুমিল্লায় ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।পুলিশ সুপার বলেন, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।এদিকে দুই দফা জানাজা শেষে অপ্রতিমকে কুমিল্লার কোটবাড়ির বাগমারা গোরস্থানে দাফন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার দাফন সম্পন্ন হয়।এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন মাঠে মসজিদের সামনে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাগমারা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে অপ্রতিমের বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার কান্নাজড়িত কণ্ঠে ছেলের হত্যার বিচার দাবি করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তাঁর এখনো পূর্ণ আস্থা রয়েছে। তবে সামান্য একটি আইফোনের জন্য তাঁর ১৩ বছর বয়সী ছেলেকে এভাবে হত্যা করা হয়েছে—এ বিষয়টি তিনি মেনে নিতে পারছেন না।তিনি বলেন, অপ্রতিম যাদের সঙ্গে গিয়েছিল, তাদের নিজের বন্ধু মনে করেছিল। তাদের বিশ্বাস করেই সে পাহাড়ের দিকে গিয়েছিল। সেই বিশ্বাসই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়েছে।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই সানন্দা পাহাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে।