ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং চাকরির বাজারের উপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সামাজিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।সমঝোতা স্মারকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ব্র্যাকের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ক্লাস্টারের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান।চুক্তির আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ক্যারিয়ার হাব’-এর একটি কার্যালয় স্থাপন ও পরিচালনা করা হবে। এর মাধ্যমে অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি, পেশাগত দক্ষতা উন্নয়ন, ব্যক্তিগত ক্যারিয়ার কাউন্সেলিং, প্রশিক্ষণ কর্মশালা, করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং চাকরির বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে সহায়তা দেওয়া হবে।সংশ্লিষ্টরা জানান, প্রচলিত একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হলে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের আরও কার্যকরভাবে প্রস্তুত করতে পারবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম এবং প্রশাসন গঠিত কমিটির আহ্বায়ক কাজী মোস্তফা আরিফসহ সংশ্লিষ্টরা।ব্র্যাকের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যারিয়ার হাবের ম্যানেজার (এমপ্লয়মেন্ট) মো. আলিউল আজীম, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্যারিয়ার হাব প্রকল্পের ম্যানেজার জে. এম. সাইফুল ইসলাম, খুলনা ব্রাঞ্চ ম্যানেজার আদিব আহসান শান্তু, ক্যারিয়ার কাউন্সিলর ফারহা রহমান এবং অ্যাক্টিভেশন অ্যান্ড এনরোলমেন্ট ইউনিটের সাজ্জাদুল ইসলাম।অনুষ্ঠানে ব্র্যাক ক্যারিয়ার হাব প্রকল্পের ম্যানেজার জে. এম. সাইফুল ইসলাম প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দেশে তরুণদের মধ্যে বেকারত্বের হার উদ্বেগজনক এবং উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে এ সংকট আরও প্রকট। এ পরিস্থিতিতে তরুণদের কর্মসংস্থানমুখী করতে ২০২০ সালে ব্র্যাক ‘ক্যারিয়ার হাব’ কার্যক্রম শুরু করে।তিনি জানান, বর্তমানে দেশের সাতটি সেন্টারের মাধ্যমে ৭১ হাজারের বেশি তরুণকে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২০ হাজারের বেশি শিক্ষার্থীকে সরাসরি ক্যারিয়ার কাউন্সেলিং দেওয়া হয়েছে এবং ৫ হাজার ৪০০ জনের বেশি তরুণ চাকরি পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাওয়া ক্যারিয়ার হাবের কার্যক্রমে ক্যারিয়ার সচেতনতা তৈরি, চার ধাপে শিক্ষার্থী মূল্যায়ন, নিয়মিত কাউন্সেলিং, সিভি প্রস্তুত, মক ইন্টারভিউ এবং করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে।এ ছাড়া প্রচলিত জব ফেয়ারের বাইরে ‘ক্যারিয়ার এক্সপো’ আয়োজন করে অন-স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে। বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের জন্য দিকনির্দেশনা, ব্যাংকিং সহায়তা, ফেলোশিপ ও গবেষণা অনুদানের সুযোগও রাখা হয়েছে।উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-সেন্সরস স্পেস’ স্থাপন এবং বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সহযোগিতা জোরদারের কাজ চলছে।
তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক সনদ দেওয়ার মধ্যে শিক্ষা কার্যক্রম সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের দক্ষ, পেশাদার ও কর্মসংস্থানমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। উচ্চশিক্ষিত বেকারত্ব কমাতে সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।