রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থার (Alternative Procurement Arrangement) সুযোগ যুগোপযোগী করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।রোববার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, ক্রয়কার্যে অধিক প্রতিযোগিতা সৃষ্টি এবং ক্রয়চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধান সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালি আধুনিকায়ন এবং টেকসই ক্রয়ব্যবস্থা নিশ্চিত করতে পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়ে নির্ণায়কের অনুপাতভিত্তিক মূল্যায়নের (Rated Criteria) বিধান রাখা হয়েছে। আন্তর্জাতিকভাবে প্রচলিত এই পদ্ধতির মাধ্যমে শুধু মূল্য নয়, অন্যান্য নির্ধারিত মানদণ্ডও বিবেচনায় নেওয়ার সুযোগ থাকবে।সংশোধনীতে সম্পদের সুষম বিস্তারের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগের বিধানও রাখা হয়েছে। পাশাপাশি পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিষয়েও স্পষ্ট বিধান যুক্ত করা হয়েছে।মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত খসড়া অধ্যাদেশটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।