ঢাকার ধামরাইয়ে চীনা মালিকানাধীন একটি ব্যাটারি কারখানায় এক চীনা কর্মকর্তাকে বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, শনিবার রাতে মুখোশ পরা অন্তত তিনজনের একটি দল কারখানায় ঢুকে ছুরি দেখিয়ে ওই কর্মকর্তাকে জিম্মি করে টাকা নিয়ে যায়।তবে ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারী বিডি কোং লি.’ কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার দুপুরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।কারখানা কর্মকর্তাদের ভাষ্য, রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই নিজের কক্ষে ঘুমাতে যান। এ সময় অন্তত তিনজন দুর্বৃত্ত কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাদের মুখে মাস্ক ছিল। কারখানার পেছনের অংশে নিরাপত্তাব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা ছিল না।কারখানায় ঢোকার পর দুর্বৃত্তরা লি পেংগুইয়ের গলায় ছুরি ধরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তার কাছ থেকে লকারের চাবি নিয়ে সেখানে থাকা ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।লি পেংগুই বলেন, রাত সাড়ে ১১টার দিকে বাথরুমের জানালা দিয়ে দুর্বৃত্তরা ঢুকে প্রথমে তার গলায় ছুরি ধরে চাবি দিতে বলে। পরে চাবি নিয়ে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে চলে যায়।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, শনিবার রাত ১১টার পর বেলিশ্বর এলাকায় একটি ব্যাটারি কারখানার দোতলায় তিনজন দুর্বৃত্ত ঢুকে এক চীনা নাগরিককে বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তিনি বলেন, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।