রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্ক করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির পুরো অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শনিবার রাত দেড়টার দিকে টার্মিনালে পার্ক করে রাখা ‘মা ক্লাসিক’ নামের বাসটিতে আগুন লাগে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪। আগুন লাগার সময় বাসটিতে কোনো যাত্রী, চালক বা সহকারী ছিলেন না।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের পাশে টার্মিনালে বাসটি পার্ক করা ছিল। রাতে স্থানীয়রা বাসটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। বাসটি রাজবাড়ী মালিক গ্রুপের আওতাধীন।নিরাপত্তা জোরদারের দাবিবাসে আগুন দেওয়ার ঘটনায় গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্নু মোল্লা বলেন, পার্ক করে রাখা বাসে আগুন দেওয়ার ঘটনা স্বাভাবিক নয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি দৌলতদিয়া বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্রে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।স্থানীয় বাস শ্রমিকরা বলেন, রাতে টার্মিনালে পার্ক করে রাখা বাসে আগুন দেওয়ার ঘটনায় তারা আতঙ্কিত। বাসটি পুড়ে যাওয়ায় মালিক ও শ্রমিকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, টার্মিনালের পাশেই পুলিশ দায়িত্ব পালন করছিল। বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।রাজবাড়ী বাস মালিক গ্রুপের সভাপতি খন্দকার মাহমুদুল হক জুয়েল জানান, উদ্ভূত পরিস্থিতিতে রাজবাড়ী জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে অতিরিক্ত পাহারার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে বাস মালিকদের যানবাহন নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।