রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১১:৩৬ সময়
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানান তারা।এ সময় গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহীদের নামসংবলিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার দেন পরিবারের সদস্যরা।রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাঁদের আত্মত্যাগ কখনো ভুলবে না।শহীদ পরিবারগুলোর সার্বিক কল্যাণ এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন রাষ্ট্রপতি।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।