পরিবর্তন হল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, প্রজ্ঞাপন জারি
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩১ সময়
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে।রোববার বিকেলে এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের ভিত্তিতে গত ২০ মে জারি করা ছুটির প্রজ্ঞাপনে আংশিক সংশোধন আনা হয়েছে। সংশোধনের ফলে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।এর আগে প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় এ ধর্মীয় দিবস উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। তবে ফাতেহা-ই-ইয়াজদাহম এবার ২৩ সেপ্টেম্বর হওয়ায় ছুটির তারিখও এক দিন এগিয়ে আনা হয়েছে।ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পালন করা হবে। বিশ্ববিদ্যালয়ের ছুটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত পৃথক নোটিশের মাধ্যমে ছুটির বিষয়টি জানিয়ে থাকে।ফাতেহা-ই-ইয়াজদাহম কী‘ইয়াজদাহম’ ফারসি শব্দ। এর অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে ১১তম দিনের ফাতেহা বা ফাতেহা শরিফকে বোঝানো হয়। প্রতি হিজরি বছরের রবিউস সানি মাসের ১১ তারিখে দিবসটি পালন করা হয়ে থাকে।সুফি সাধক বড়পির হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে ফাতেহা-ই-ইয়াজদাহম পালন করা হয়। ঐতিহাসিকভাবে হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানিতে তাঁর ইন্তেকাল হয় বলে উল্লেখ করা হয়। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের বিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।দিবসটি অনেকের কাছে ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত।