নাশকতার প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৫:২৩ সময়
রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ নাশকতার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর অঞ্চল।রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর স্টেডিয়ামের দক্ষিণ পাশে ৪ ও ৫ নম্বর গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।মিছিলটি মিরপুর ১০ নম্বর গোলচত্বর হয়ে কাজীপাড়া মেট্রো স্টেশনের কাছে আল-হেলাল হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও ড. মাহফুজুর রহমান। এ সময় স্থানীয় নেতারাও বক্তব্য দেন।সমাবেশে বক্তারা রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণসহ নাশকতায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বক্তারা বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন—এ বিষয়ে সরকারের জবাবদিহি প্রয়োজন। তারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে দায়ী করেন।নাশকতা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কঠিন আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।