ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। একই সঙ্গে হুতিদের সামরিক কর্মকাণ্ড বন্ধ এবং বেসামরিক জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকি বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জি-৭ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে ইরানের প্রতি এ আহ্বান জানানো হয়। জি-৭-এর সদস্য দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। বিবৃতিতে ইয়েমেনে এবং সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানানো হয়। পাশাপাশি হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।আন্তর্জাতিক বাণিজ্যে ঝুঁকির সতর্কতাজি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, হুতিদের প্রতি ইরানের অস্ত্র ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। বেসামরিক জাহাজ চলাচলের ওপর সব ধরনের হুমকি ও হামলা বন্ধ করে হুতিদের রাজনৈতিক প্রক্রিয়ায় আন্তরিকভাবে ফিরে আসার আহ্বানও জানানো হয়েছে।হুতিদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির ধারা হিসেবে উল্লেখ করে জি-৭ সতর্ক করেছে, এর প্রভাব ইয়েমেনের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক নৌবাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর পড়তে পারে।
তথ্যসূত্র: রয়টার্স, আল-আরাবিয়া।