ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। হুথিরা পবিত্র নগরী মক্কাকে বারবার লক্ষ্যবস্তু করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে বাদশাহ সালমান এ মন্তব্য করেন।সাধারণত সৌদি আরবের দৈনন্দিন রাষ্ট্রীয় কার্যক্রম তার ছেলে ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান পরিচালনা করেন। এ কারণে চলমান ঘটনাবলি নিয়ে বাদশাহর সরাসরি এমন কঠোর অবস্থান গ্রহণকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে হুথিদের কয়েকটি প্রাণঘাতী হামলা সৌদি আরবের নিরাপত্তার জন্য গত কয়েক বছরের মধ্যে অন্যতম বড় হুমকি হয়ে উঠেছে।এর আগে গত সপ্তাহে সৌদি আরব দাবি করে, হুথিদের ছোড়া একটি ড্রোন মক্কার দিকে যাওয়ার সময় ভূপাতিত করা হয়েছে। তবে এ অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে হুথিরা। গোষ্ঠীটির নেতা আবদেল-মালিক আল-হুথি সৌদির এ দাবিকে ‘জঘন্য মিথ্যা’ বলে মন্তব্য করেন।প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় এক দশক পর এবারই প্রথম মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ইসলাম ধর্মের পবিত্রতম স্থান কাবা শরিফ এ নগরীতেই অবস্থিত।মন্ত্রিসভার বৈঠকে বাদশাহ সালমান দেশের নিরাপত্তা রক্ষায় সৌদি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। পবিত্র স্থান, হজ ও ওমরাহ পালনকারী, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো হামলা মোকাবিলায় তাদের ভূমিকার জন্য তিনি ধন্যবাদ জানান।তথ্যসূত্র: আল-জাজিরা, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।