চট্টগ্রাম ওয়াসার সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-ইঞ্জিনিয়ার) আতিকুজ্জামান বিল্লাহর নিয়োগ বাতিল ও তাকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে প্রকৌশলীদের জাতীয়তাবাদী সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম বিভাগ।বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে পাঠানো এক লিখিত আবেদনে এ দাবি জানায় সংগঠনটি। বৃহস্পতিবার আবেদনটির বিষয়টি প্রকাশ্যে আসে।এ্যাবের স্মারকপত্রে বলা হয়েছে, চট্টগ্রাম আইইবিতে হামলা, জ্যেষ্ঠ প্রকৌশলীদের লাঞ্ছিত করা এবং সিসিটিভির ফুটেজ মুছে ফেলার মতো শৃঙ্খলা-বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে আতিকুজ্জামান বিল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম আইইবির অভ্যন্তরীণ তদন্তে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি। একই ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় তিনি ২ নম্বর আসামি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।‘প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে’আবেদনে আরও বলা হয়, চট্টগ্রাম ওয়াসার মতো একটি সংবেদনশীল ও সেবাধর্মী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে এমন বিতর্কিত ব্যক্তিকে বহাল রাখা হলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও কার্যকারিতা ব্যাহত হতে পারে।এ ছাড়া আসন্ন আইইবি নির্বাচনে এ্যাবের সিদ্ধান্ত অমান্য করে আতিকুজ্জামান বিল্লাহর মনোনয়ন ফরম দাখিলের বিষয়টিও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠনটি।আবেদনে স্বাক্ষর করেছেন এ্যাব চট্টগ্রাম বিভাগের নেতৃত্বদানকারী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মো. আবু জাফর এবং প্রকৌশলী খান মো. আমিনুর রহমান।এর আগে গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ পান ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ।জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত সরকারি প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য শর্তসাপেক্ষে ওই পদে নিয়োগ দেওয়া হয়।