বিশ্ব পর্যটন দিবস আজপ্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বান্দরবানে পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও নানা সংকটে পিছিয়ে আছে পর্যটনশিল্প। বিশেষ করে সন্ধ্যার পর পর্যটকদের বিনোদনের জন্য পরিকল্পিত কোনো ব্যবস্থা না থাকায় স্বল্পমেয়াদি ভ্রমণে আসা পর্যটকদের বড় একটি সময় হোটেলকক্ষেই কাটাতে হচ্ছে। আধুনিক পার্ক, ওয়াকওয়ে, সাংস্কৃতিক মঞ্চ ও সান্ধ্যকালীন বিনোদনকেন্দ্র না থাকায় পূর্ণাঙ্গ ভ্রমণের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। দিবসটি ঘিরে বান্দরবানে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পর্যটন বিকাশের নানা উদ্যোগ ও স্লোগানের মধ্যেও পর্যটন অবকাঠামোর এসব ঘাটতি নিয়ে ক্ষোভ রয়েছে পর্যটনসংশ্লিষ্টদের মধ্যে।বান্দরবানের নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, নীলগিরি, চিম্বুক, কেওক্রাডং, বগা লেক, রিঝুক ঝরনা, উপবন, আলীর সুড়ঙ্গ ও দেবতাখুমসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিবছর লাখো পর্যটক আসেন। কিন্তু দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শহরে নেমে আসে এক ধরনের নীরবতা। সান্ধ্যকালীন বিনোদনের নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় পর্যটকদের অনেকেই হোটেলকেন্দ্রিক হয়ে পড়েন।সন্ধ্যার পর বিনোদনের সুযোগ নেইবান্দরবানের অধিকাংশ দূরবর্তী পর্যটনকেন্দ্র শহর থেকে বেশ দূরে। দীর্ঘমেয়াদি ভ্রমণে নীলগিরি, বগা লেক, রেমাক্রি, তিন্দু কিংবা কেওক্রাডংয়ের মতো দুর্গম পাহাড়ি এলাকায় রাত কাটানো পর্যটকরা প্রকৃতির নির্জনতা ও রাতের আকাশের সৌন্দর্য উপভোগের সুযোগ পান।তবে একদিন বা স্বল্প সময়ের জন্য বান্দরবানে আসা পর্যটকদের পরিস্থিতি ভিন্ন। তারা সাধারণত মেঘলা, নীলাচল ও শৈলপ্রপাতের মতো শহরের আশপাশের পর্যটনকেন্দ্র ঘুরে বিকাল নাগাদ শহরে ফেরেন। এরপর সন্ধ্যা ও রাতে সময় কাটানোর মতো পরিকল্পিত কোনো স্পট বা বিনোদনকেন্দ্র না থাকায় পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে আসা পর্যটকদের অনেকেই শহরের অলিগলিতে ঘোরাঘুরি করেন কিংবা রেস্তোরাঁ ও হোটেলে সময় কাটান।পর্যটনসংশ্লিষ্টদের মতে, এতে পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা যেমন অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তেমনি সন্ধ্যার পর পর্যটনকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেরও বিকাশ ঘটছে না।সমন্বয়হীনতাকে দায়ী ব্যবসায়ীরাবান্দরবান হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বিনোদনের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের জন্য বান্দরবানে বর্তমানে কোনো অ্যামিউজমেন্ট পার্ক বা মানসম্মত ওয়াকওয়ে নেই। পৌরসভা পরিচালিত যে পার্কটি রয়েছে, সেটিও খুব ছোট পরিসরের।তার মতে, পর্যটন খাতকে এগিয়ে নিতে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে একটি আধুনিক পার্ক ও ওয়াকওয়ে নির্মাণ করা জরুরি। কিন্তু প্রশাসন ও জেলা পরিষদের মধ্যে সমন্বয়হীনতা ও টানাপোড়েনের কারণে মৌলিক উন্নয়নমূলক অনেক কাজ আটকে আছে। দায়িত্ব কার—এ নিয়ে বিরোধের অবসান না হলে পর্যটক ও স্থানীয়দের কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা নিশ্চিত করা কঠিন হবে।লোকজ সংস্কৃতিকে কাজে লাগানোর সুযোগস্থানীয় ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের উন্নত পর্যটন শহরগুলোতে দিনের পর্যটনের পাশাপাশি সন্ধ্যার পর স্থানীয় লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন থাকে। বান্দরবানেও রয়েছে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্যবাহী পোশাক, নৃত্য, গান ও খাবার।তাদের মতে, এসব ঐতিহ্যকে কেন্দ্র করে উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চ, পাহাড়ি ঐতিহ্যবাহী খাবারের মেলা এবং হস্তশিল্পের বাজার গড়ে তোলা যেতে পারে। এতে পর্যটকদের বিনোদনের সুযোগ বাড়ার পাশাপাশি স্থানীয় শিল্পী ও কারিগরদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিও চাঙা হবে।প্রয়োজন দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনামানবাধিকারকর্মী, ক্রীড়া সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব অংচ মং মারমা বলেন, স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজনীতিবিদ, মন্ত্রী ও সংসদ সদস্যদের চিন্তা ও পরিকল্পনায় এসব বিষয় থাকা প্রয়োজন। ভবিষ্যতে বান্দরবান শহরকে ঘিরে একটি মহাপরিকল্পনা বা মাস্টারপ্ল্যান গ্রহণ করে এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হলে শহরের জন্য সুন্দর ও পরিকল্পিত পরিবেশ তৈরি করা সম্ভব।অন্যদিকে পৌর কর্তৃপক্ষের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান পৌর প্রশাসক এসএম মনজুরুল হক। তিনি বলেন, এ ধরনের বড় পরিসরের সুবিধা নিশ্চিত করা একা বান্দরবান পৌরসভার পক্ষে সম্ভব নয়। এটি বৃহৎ পরিসরের বিষয়। পার্বত্যমন্ত্রী কিংবা পার্বত্য জেলা পরিষদ যৌথভাবে উদ্যোগ নিলে এ বিষয়ে কার্যকরভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে।যৌথ উদ্যোগের দাবিবিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে বান্দরবানের পর্যটন অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে সন্ধ্যাকালীন বিনোদনকেন্দ্র, আধুনিক পার্ক, ওয়াকওয়ে ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটনপ্রেমীরা।তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে দ্রুত সমন্বয় করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে এসব অবকাঠামো গড়ে তোলা হবে। এতে পর্যটকদের ভোগান্তি কমার পাশাপাশি বান্দরবানের পর্যটনশিল্প ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আসবে।তথ্যসূত্র: স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি, বান্দরবান হোটেল মালিক সমিতি, পৌর প্রশাসন ও সংশ্লিষ্টদের বক্তব্য।