সড়ক দুর্ঘটনায় পাঁচ দিন পর রুয়েট শিক্ষার্থীর মৃত্যু
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১১ সময়
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রাফিদ রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহীর বিনোদপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফিদ। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আকস্মিকভাবে ইউ-টার্ন নেওয়ার সময় রাফিদের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে সড়কের ডিভাইডারে মাথায় আঘাত পান।দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে পরদিন এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার তার মৃত্যু হয়।রাফিদের বন্ধু ও রুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিবলী সাদিক জানান, রাফিদের প্রথম জানাজা রাজধানীর খিলগাঁও চৌরাস্তা মোড়ের জনতা ফার্মেসির গলিতে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায় নেওয়া হবে।রাফিদ শাহরিয়ারের মৃত্যুতে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেছেন শিক্ষক ও সহপাঠীরা।