যুদ্ধের মধ্যেই সৌদির তেল রপ্তানি দ্বিগুণেরও বেশি
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৪:১২ সময়
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো থেকে তেল রপ্তানি আবারও বাড়তে শুরু করেছে। চলতি সেপ্টেম্বর মাসে যুদ্ধ শুরুর পর এসব দেশ থেকে তেল রপ্তানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ২৮ লাখ ব্যারেল তেল রপ্তানি হওয়ার পথে রয়েছে। এ সময়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের রপ্তানি বাড়িয়েছে।তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় রপ্তানির পরিমাণ এখনো উল্লেখযোগ্যভাবে কম। ফেব্রুয়ারিতে এসব দেশ থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ৮৮ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছিল।হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন আবার বাড়তে শুরু করায় চলতি মাসে মধ্যপ্রাচ্যের মোট তেল রপ্তানিও বেড়েছে। রয়টার্সের হিসাবে, সেপ্টেম্বরে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে প্রতিদিন প্রায় ৭৪ লাখ ব্যারেল তেল রপ্তানি হতে পারে।এদিকে সৌদি আরবের তেল রপ্তানিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর রপ্তানির একটি অংশ লোহিত সাগরের ইয়ানবু বন্দরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে।রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে সৌদি আরব থেকে প্রতিদিন প্রায় ৫৪ লাখ ব্যারেল তেল রপ্তানি হতে পারে। অথচ আগস্টে দেশটির দৈনিক তেল রপ্তানি ছিল প্রায় ২৪ লাখ ৪৬ হাজার ব্যারেল।
অর্থাৎ, এক মাসের ব্যবধানে সৌদি আরবের দৈনিক তেল রপ্তানি প্রায় দ্বিগুণেরও বেশি হয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ও রপ্তানি ব্যবস্থায় এখনো অনিশ্চয়তা রয়েছে।