মণিরামপুরে শিয়াল ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের
মোঃ রায়হান চৌধুরী, (নিজস্ব প্রতিবেদক)||
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫৪ সময়
যশোরের মণিরামপুরে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মশিয়ার রহমান মোড়ল (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আম্রঝুটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত মশিয়ার রহমান ওই গ্রামের বাসিন্দা। স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিবেশী হাফিজুর রহমানের বাড়ির পাশে মশিয়ার রহমানের একটি বাঁশঝাড় রয়েছে। ওই এলাকায় নিয়মিত শিয়ালের উপদ্রব ছিল। শিয়াল বাড়িতে ঢুকে হাঁস-মুরগি ও অন্যান্য গৃহপালিত পশুপাখি নিয়ে যাওয়ায় তা ঠেকাতে বাঁশঝাড়ের পাশে বৈদ্যুতিক তারের ফাঁদ পাতা হয়েছিল বলে স্থানীয়রা জানান।মঙ্গলবার সকালে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান মশিয়ার রহমান। এ সময় তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।স্থানীয়দের দাবি, সকালে ফাঁদে দেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় এ দুর্ঘটনা ঘটে।ঘটনার খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।নিহতের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।