সিরাজগঞ্জের হাটিকুমরুলে দেশের দ্বিতীয় ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নির্মাণকাজ এগিয়ে চলছে। প্রকল্পের প্রায় ৭২ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে প্রধান অবকাঠামোর নির্মাণকাজ শেষ করে ইন্টারচেঞ্জটি চালুর লক্ষ্য রয়েছে সংশ্লিষ্টদের।হাটিকুমরুল গোলচত্বর দিয়ে রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২ জেলার মানুষের যোগাযোগ রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কপথে যানবাহনের চাপ ও যানজট কমিয়ে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে ২০২২ সালে ইন্টারচেঞ্জ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়।প্রকল্পটির প্রাথমিক মেয়াদ ছিল ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন জটিলতার কারণে সময় বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়।প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে বালু ভরাট, বাউন্ডারি ওয়াল, এসএমবিডি ব্রিজ নির্মাণ ও সার্ভিস এরিয়াসহ বিভিন্ন কাজ শেষ হয়েছে। পাশাপাশি ছয়টি সার্ভিস লেনও চালু করা হয়েছে।২৪ ঘণ্টায় দুই শিফটে চলছে কাজসাসেক-২-এর উপ-প্রকল্প ব্যবস্থাপক মো. সরফরাজ হোসাইন বলেন, প্রকল্পের কাজ দিন-রাত ২৪ ঘণ্টায় দুই শিফটে চলছে। প্রধান স্ট্রাকচারের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার বিষয়ে তারা আশাবাদী।সাসেক-২-এর প্রকল্প পরিচালক মো. ওয়ালিউর রহমান বলেন, প্রকল্পে আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সার্ভের কাজে জিপিএস এবং নির্মাণকাজের মনিটরিংয়ে বিল্ডিং ইনফরমেশন সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে।যমুনা সেতুর সক্ষমতা বাড়বেবিশেষজ্ঞদের মতে, হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ শেষ হলে যমুনা সেতুর সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে যানবাহনের গতি বাড়ার পাশাপাশি সড়ক নিরাপত্তা জোরদার হবে। এর প্রভাব দেশের পণ্য পরিবহন ও সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে।সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, কম সময়ে পণ্য পরিবহন করা সম্ভব হলে পরিবহন ব্যয় কমবে এবং এর ফলে পণ্যের দামও কমার সুযোগ তৈরি হবে।বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, ইন্টারচেঞ্জে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের বিভিন্ন উপাদান যুক্ত করা হলে যানজটের তীব্রতা কমানোর পাশাপাশি সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও জোরদার করা সম্ভব হবে।ব্যয় ৭৪৩ কোটি টাকাচীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ব্রিজ কর্পোরেশন ৭৪৩ কোটি টাকা ব্যয়ে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পটি বাস্তবায়ন করছে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করে ডিসেম্বরেই প্রকল্পটি চালুর লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।