পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগ, দুই কর্মকর্তা গ্রেফতার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৪১ সময়
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজন করার অভিযোগে দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজনই ওই কারখানার সুইং সুপারভাইজার।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ‘সিনটেক্স’ পোশাক কারখানা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।গ্রেফতার ব্যক্তিরা হলেন পঞ্চগড়ের বোদা থানার নয়াপাড়া গ্রামের পবিজ উদ্দিনের ছেলে মো. রুবেল ইসলাম এবং বগুড়ার নন্দীগ্রাম থানার ধুন্দার গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. শাহিন। রুবেল ইসলাম রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কারখানার ভেতরে বাইরে থেকে লোকজন এনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ আয়োজন করা হয়। এতে কারখানার দুই কর্মকর্তা ছাড়াও কারখানার ভেতর ও বাইরের কয়েকজন ব্যক্তি অংশ নেন। পরে ওই আয়োজনের ভিডিও ধারণ করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুলিশ কারখানাটিতে অভিযান চালায়। এ সময় দুই কর্মকর্তাকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়।আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হলে শুনানি শেষে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।