রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ এলাকার হোপ মার্কেটের আশপাশে ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ফুটপাতে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের সংঘর্ষ হয়।তার ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে সিটি করপোরেশনের কয়েকটি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উচ্ছেদ অভিযানে থাকা কর্মকর্তা-কর্মচারীরাও হামলার শিকার হয়েছেন। পুলিশের সদস্যদের সঙ্গেও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীরাও বাধার মুখে পড়েন বলে তিনি উল্লেখ করেন।ডা. শফিকুর রহমান বলেন, মিরপুরের সংশ্লিষ্ট আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সংসদীয় এলাকা। সেখানকার জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই স্থানীয় জনগণের সুবিধা-অসুবিধার সঙ্গে সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।তিনি সংঘাতের পরিবর্তে এমন একটি সমাধানের আহ্বান জানান, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতির মুখে না পড়েন এবং পথচারীদের চলাচলও স্বাভাবিক থাকে। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত ও বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।জামায়াত আমিরের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা নিয়ে সেখানে ব্যবসার সুযোগ করে দিচ্ছে। এর ফলে শেষ পর্যন্ত সেই আর্থিক চাপ সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে বলে তিনি দাবি করেন।সমস্যার স্থায়ী সমাধানে বিচ্ছিন্নভাবে উচ্ছেদ অভিযান না চালিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে পরিকল্পিত ও টেকসই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে অভিযান পরিচালনার বিষয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, তাকে আলোচনায় রাখা হলে পারস্পরিক পরামর্শের মাধ্যমে কার্যকর সমাধান বের করা সম্ভব ছিল।উচ্ছেদ অভিযানের আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নেওয়ারও আহ্বান জানান ডা. শফিকুর রহমান। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।সবশেষে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, যেকোনো সমস্যারই সমাধানের পথ রয়েছে। তবে সেই সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক এবং কোনো পক্ষকে অযথা ক্ষতিগ্রস্ত করে নয়। একই সঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা নেই।’